সাইবার হামলার শিকার হয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। হ্যাকারদের মাধ্যমে তাঁর ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এই ঘটনার কথা জানান আন্তোনিও তাজানি। তিনি সেখানে লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’

হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি উল্লেখ করেছেন যে, হ্যাকাররা কেবল তাঁকেই নয়, বরং তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের বিষয়ে ইতালির যে কূটনৈতিক অবস্থান, তার কারণেই তাঁকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে তিনি মনে করেন।

নিজের পোস্টের শেষ দিকে আন্তোনিও তাজানি লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’

এই সাইবার হামলার ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পররাষ্ট্রমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক বিবৃতিতে মেলোনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ভূখণ্ডে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই সময় থেকে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ চলছে। এই দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইতালি দেশটিকে নিয়মিত মানবিক ও সামরিক সহায়তা প্রদান করে আসছে।