মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের আমেজ শুরু হয়ে গেছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা ও নানা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দেশের প্রতিযোগীরা পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে ভারতের প্রতিনিধিত্ব করছেন কেরালার মডেল কাজিয়া লিজ মেজো।

গত ৫ নভেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজিয়া লিজ মেজো। সেই ছবিগুলোতে দেখা যায়, একদল সদস্যের সঙ্গে ভারতের জাতীয় পতাকা হাতে পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে যাত্রা করছেন তিনি। তবে তাঁর পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি মেরুন রঙের শাড়ি।

বিমানবন্দরে যাওয়ার সময়ের সাজের ছবিগুলো কাজিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এই নজরকাড়া মেরুন রঙের শাড়িটি ডিজাইন করেছেন সামান্থা চৌহান। অর্গানজা ও র-সিল্ক কাপড়ের সংমিশ্রণে তৈরি এই শাড়িটিতে রয়েছে সোনালি জরির অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ।

ডিজাইনারের অফিশিয়াল ওয়েবসাইটে শাড়িটির দাম উল্লেখ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এই শাড়িটির দাম প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা।

শাড়িটির মূল কাপড়ে ব্যবহার করা হয়েছে অনুজ্জ্বল বা ম্যাট ফিনিশ। এর পাড়ে সূক্ষ্ম কারুকাজের পাশাপাশি আঁচলজুড়ে রয়েছে ঘন এমব্রয়ডারির কাজ। সব মিলিয়ে শাড়িটিতে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আভিজাত্যের এক অনন্য ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

সাজটিকে পূর্ণতা দিতে শাড়ির সঙ্গে পাথর বসানো নেকলেস ও মিলিয়ে কানের দুল পরেছিলেন কাজিয়া। হাতে ছিল একাধিক চুড়ি। চুলের স্বাভাবিক কোঁকড়া ভাব বজায় রেখে তিনি চুল খোলা রেখেছিলেন এবং মাথায় ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট।

কাজিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “ঐতিহ্যবাহী সাজে ও গৌরবের মুকুট মাথায় নিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ কাজিয়া লিজ মেজো ভারতের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা শুরু করেছেন।”

কাজা লিজ মেজোর জন্মভূমি ভারতের কেরালা। ২০০৭ সালে জন্মগ্রহণ করা এই মডেলের শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। তিনি এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফস স্কুল ও আবুধাবি ইন্ডিয়ান স্কুল থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং পেশার সঙ্গে যুক্ত আছেন।

শিল্পকলা ও সংগীতের প্রতি কাজিয়ার গভীর অনুরাগ রয়েছে। শাস্ত্রীয় নৃত্যে তাঁর ১২ বছরের দীর্ঘ প্রশিক্ষণ রয়েছে। গান গাওয়ার পাশাপাশি তিনি বেহালা ও ড্রামস বাজাতেও পারদর্শী।

আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা নয়। মাত্র ১৭ বছর বয়সে ২০২৪ সালে ‘মিস টিন ডিভা’ খেতাব জিতেছিলেন কাজিয়া। তার পরের বছর ‘মিস টিন ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে তিনি প্রথম রানারআপের স্থান অর্জন করেন। চলতি বছরের শুরুতে তিনি ‘মিস ইউনিভার্স কেরালা ২০২৬’ খেতাবটি জয় করেন। এর মাধ্যমে তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজ্যভিত্তিক শিরোপাজয়ী হিসেবে নাম লেখান।

এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কাজিয়া। পূর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবারও তাঁর ঝুলিতে নতুন কোনো অর্জন যুক্ত হয় কি না, সেদিকেই তাকিয়ে এখন পুরো ভারত।