চুয়াডাঙ্গায় বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এই কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি গলিতে অবস্থিত বিভিন্ন বসতবাড়ির দেয়ালে এসব স্লোগান লেখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, বুধবার দুপুর ১২টা ১৭ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের সামনের গলিতে বিভিন্ন বসতবাড়ির দেয়ালে ‘মুজিব সেনা’সহ নানা স্লোগান লিখছিল। একটি লেখার নিচে নিঝুম নামে এক ছাত্রীর নামও লেখা দেখা যায়। এরপরই বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সামনের গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে কালো রঙের স্প্রে ব্যবহার করে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এই স্লোগানগুলো সাধারণত আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ব্যবহৃত রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ গ্রহণ করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুপুরে স্কুলের ছাত্রীরা এই দেয়ালে স্লোগান লিখেছে। এতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এই ধরনের কাজ করবে, এটি মোটেও আশা করা যায় না।”

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবর পাওয়ার পর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, জেলা প্রশাসকের বিশেষ নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, “ছাত্রীরা স্লোগান লেখার বিষয়টি জানার পর জেলা প্রশাসকের নির্দেশে সেগুলো মুছে ফেলা হয়েছে। জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কাদের নির্দেশে ছাত্রীরা দেয়ালে এসব স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”