গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নয়জন শিক্ষার্থীকে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একটি তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের বিরতির পর প্রতিষ্ঠানের একটি শ্রেণিকক্ষের ভেতরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। সেই মুহূর্তের ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওতে ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে। গত বুধবার (৪ নভেম্বর) উক্ত প্রতিবেদনটি প্রধান শিক্ষকের নিকট জমা দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশ ও তথ্যের পরিপ্রেক্ষিতেই নয় শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন জানান, “বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।”

অন্যদিকে, প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, “গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় আমি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়। এরপর অন্য শিক্ষকদের কাছ থেকে ঘটনার বিষয়ে নিশ্চিত হন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”