চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল এখলাছপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান ব্যাপারী।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসির নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি, ডাকাতির ৩টি এবং অন্যান্য অপরাধের ১টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।