কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামি সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার একজন, চুরির মামলার তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আটক করা হয়েছে আরও নয়জনকে।
সোমবার (২ নভেম্বর) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। অভিযানেই তাদের আটক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাকাতির প্রস্তুতি মামলায় তুজারভাঙ্গা গ্রামের নাছিরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, চুরির মামলায় একই গ্রামের রুবেল (২৫), উত্তর গোপচর গ্রামের তোফাজ্জল (৪৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের রাব্বি হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ইছাপুর গ্রামের শরীফ মৃধাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি পুলিশ আইনের ৩৪ ধারায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া গেছে— দাউদকান্দি পৌরসভার গুচ্ছগ্রামের আরিফ (২২), গাজীপুরের বাসন থানার ইটাহাটা এলাকার রানা ইসলাম (২২), চাঁদপুরের কচুয়া উপজেলার খালাগাঁওয়ের সাইফুল (১৮), দাউদকান্দির নুরপুরের গোলাম রাব্বি (২১), সরকারপুরের ফরহাদ প্রধান (২০) ও হান্নান (২৩), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরের হাসান মিয়া (২৪), দাউদকান্দির সবজিকান্দির আবু মিয়া (৪৮) এবং মুরাদনগরের পাহাড়পুরের ফিরোজ মিয়া (৩০)।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”