নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের টাকা চাওয়া নিয়ে পারিবারিক কলহের এক চরম পরিণতি সামনে এসেছে। মাদকের টাকা না পেয়ে নিজের জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে খায়রুল শেখ (২৫)। নিহত ব্যক্তির নাম আফসার শেখ (৭০)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফসার শেখ ওই গ্রামেরই মৃত হোসেন শেখের পুত্র।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলে খায়রুল শেখের সঙ্গে তার বাবা আফসার শেখের তীব্র কথা কাটাকাটি হয়। এই বিবাদের একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে খায়রুল তার বাবাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে খায়রুল এলাকা ছেড়ে পালিয়ে যান।

এই বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে।”