অনলাইনে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং জুয়া পরিচালনার অভিযোগে নড়াইলের লোহাগড়া থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত বেশ কিছু মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এই অভিযানের বিস্তারিত জানান।

পুলিশ সুপার জানান, একটি চক্র পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। চক্রটি ফেসবুকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’র মতো বিভিন্ন নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মানুষ যোগাযোগ করলে তাদের সঙ্গে প্রতারণা করা হতো।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা ফার্মেসি’তে জেলা ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূলহোতা ফরহাদ হোসেন (২৬) ও তার ভাই ফরিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে।

অভিযানে ফরহাদের আরও সাত সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—লোহাগড়ার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের সজীব হোসেন (৩০), গোবিন্দপাড়া গ্রামের প্রসেনজিৎ মজুমদার (৩০), চরঝামারঘোপ গ্রামের জমির মোল্যা (৪৫), কালিনগর গ্রামের লাহু মিনহাজ (২৪), একই গ্রামের বিবেক বিশ্বাস (২৫) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আলাউদ্দিন মোল্যা (২৮) ও নাজমুল মোল্যা (২৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার এবং বিপুল পরিমাণ ই-ট্রানজেকশনের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। উক্ত আইনের আওতায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, অনূর্ধ্ব পাঁচ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ সুপার বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বিজ্ঞাপনের সত্যতা যাচাই করতে হবে এবং লোভনীয় বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলাউদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।