নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খাইরুল সিকদার (৪০), তার ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাদের মা কুলসুম বেগম (৫৫)।
আহত খাইরুল সিকদার জানান, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনার জেরে শনিবার রাতে তিনি ও তার তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জুয়েল সিকদারসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাপাতি ও রামাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় তার স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, "ঘটনাটি সম্পর্কে পুলিশ জানতে পেরেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"