নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম ও তার লোকজন মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় মিসকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মিসকানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর আসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।