নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার মামলার অন্যতম আসামি জামিনে মুক্তির পরদিনই ১১টি বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট লাহুড়িয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার হামলার শিকার হন। ওই মামলার অন্যতম আসামি সোহাগ মোল্যা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আদালত থেকে জামিনে মুক্তি পান। কারামুক্তির পরদিনই বুধবার সকাল ৭টার দিকে নেপুর মোল্যার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে ছায়মানারচর গ্রামে চড়াও হয়। হামলাকারীরা স্থানীয় ইউপি সদস্য মুসা মোল্যা, রাশেদ খান, আজিবার শেখ, হারুন মোল্যা ও জিয়াউর রহমানসহ অন্তত ১১টি বসতবাড়িতে তাণ্ডব চালায়।
ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, গ্রামে মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই তাদের ওপর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) খোকন হাওলাদার জানান, তাণ্ডবে জড়িতরা পুলিশের ওপর হামলার মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি। মাদকবিরোধী অবস্থানের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।