এক দিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে তিনি বাগেরহাটে প্রবেশ করেন। বাগেরহাটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন সুফি সাধক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে জিয়ারত করেন।

বেলা সোয়া একটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর মাজার প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মাজার জিয়ারত সম্পন্ন করে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। আজ বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বাসস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় অবতরণ করেন। সেখানে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই বিশেষ প্রকল্পের মূল লক্ষ্য হলো মোংলা বন্দরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা এবং বন্দরসেবাকে আধুনিক রূপ দেওয়া। প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া মোংলায় অবস্থানকালে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোংলা থেকে বাগেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় জমান স্থানীয়রা। জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।