বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে (বানৌজা মোংলা) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হেলিকপ্টারে করে সুন্দরবনের দিকে রওনা হন। সকাল ১০টার দিকে আকাশপথে প্রধানমন্ত্রী হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করেন।

সুন্দরবন পরিদর্শনের কর্মসূচি শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। সেখান থেকে নৌপথে যাত্রা করে তিনি মোংলার বানৌজা নৌঘাঁটিতে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত এক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উক্ত সভায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এরপর বিকেল ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকেল ৩টায় জেটিতে পৌঁছে বন্দর কার্যক্রম এবং সংশ্লিষ্ট অবকাঠামোসমূহ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় ওই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি নির্ধারিত রয়েছে। সব কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর এই বিশেষ সফরকে কেন্দ্র করে মোংলাসহ সংলগ্ন এলাকাগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর পরিদর্শনস্থলগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরাও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।