খুলনার দাকোপ উপজেলা থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান লঞ্চঘাটের পন্টুন থেকে নৌপথে মোংলার দিকে রওনা হন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে তিনি নলিয়ান লঞ্চঘাটে পৌঁছান এবং নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মোংলায় এক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও তাঁর তালিকায় রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং সম্ভাব্য এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ব্যাপক আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

পাশাপাশি উপকূলীয় এলাকার বাসিন্দারাও প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আছেন। নদীভাঙন রোধ, সুপেয় পানির সংকট দূরীকরণ, দুর্বল যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা থেকে মুক্তির প্রত্যাশা করছেন তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়। সকাল থেকেই পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রধানমন্ত্রীর অবতরণস্থল নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডগ স্কোয়াড দিয়ে বিশেষ তল্লাশি চালানো হয়।