একদিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টারের মাধ্যমে বন্দরের পারিজাত হেলিপ্যাডে নামেন। সেখান থেকে তিনি বন্দরের ৯ নম্বর জেটিতে গমন করেন। সেখানে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছান।

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি)-এর মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন। মোংলায় নির্ধারিত সব কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।