এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের এক জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদা স্বাক্ষরিত এই নোটিশটি সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষের বরাবরে জারি করা হয়।

বোর্ড প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, “চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখা প্রদানসহ আগামী ১০ নভেম্বর মঙ্গরবার সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে হবে।”

আদেশ অনুযায়ী, উক্ত সভায় উপস্থিত হওয়ার সময় অধ্যক্ষদের গত ৫ বছরের যাবতীয় প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র সাথে করে নিয়ে আসতে বলা হয়েছে।