দেশের বাজারে স্বর্ণের দামের অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই এই মূল্যবান ধাতুর মূল্যের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বর্ণের দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ বুধবার (৪ নভেম্বর) স্বর্ণের নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে এই সংগঠন।

বাজুসের প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ২৩২ টাকা করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্দিষ্ট করা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি করা হচ্ছে।

স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে উল্লেখ করেছে বাজুস। সংগঠনটি আরও জানিয়েছে, “স্বর্ণালংকার ও রৌপলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।”

অন্যদিকে, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে বাজুস স্পষ্ট করে জানিয়েছে যে, “এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।”

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।