দেশের বাজারে স্বর্ণের মূল্যের অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই দামের এই উঠানামা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ এক ঘোষণায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নতুন করে মূল্য তালিকা নির্ধারণ করেছে বাজুস।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত শুক্রবার (৩০ অক্টোবর) সর্বশেষ নির্ধারিত সমন্বিত দামেই স্বর্ণ বিক্রি করা হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা করা হয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে উল্লেখ করে বাজুস জানায়, “স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না।” বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে একবার দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। যার ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফায় দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করেছে বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দামের এই ব্যাপক পরিবর্তনের মাঝেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৩৯১ টাকায়।