বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সি পাওয়ার জন্য শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা চললে তাতে কোনো আপত্তি নেই কোচ আবদুল্লাহ আল মুতাইরির। তবে বাংলাদেশের উদীয়মান ফরোয়ার্ড ফারহান আলীর জার্সির ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর। ফারহানের জার্সি অন্য কেউ নিতে পারবে না, কারণ সেটি তিনি নিজের জন্য পছন্দ করেছেন। এমনকি দলের কোনো খেলোয়াড় যদি ফারহানের জার্সি নেওয়ার চেষ্টা করেন, তবে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন মুতাইরি।
আগামীকাল ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে। এই টুর্নামেন্টের আগে আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহানকে নিয়ে এমন রসিকতাপূর্ণ মন্তব্য করেন শ্রীলঙ্কার এই কোচ।
ফারহানকে নিজের প্রিয় খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মুতাইরি বলেন, “শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমার চাই। দলের কোনো খেলোয়াড় যদি সেই জার্সি নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করব। হামজা চৌধুরীর জার্সি নিয়ে তারা লড়াই করতে পারে, সেটা তাদের ব্যাপার!”
ফারহানের প্রতি মুতাইরির এই মুগ্ধতার পেছনে গভীর বিশ্বাস কাজ করছে। তাঁর ধারণা, সঠিক সুযোগ পেলে আগামী এক দশকের মধ্যেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলার হয়ে উঠবেন ফারহান। শ্রীলঙ্কার কোচের ভাষায়, “আমি বিশ্বাস করি, সুযোগ পেলে আগামী ১০ বছরে ফারহান পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হবে।”
বর্তমানে ১৯ বছর বয়সী ফারহান ইংল্যান্ডের ক্লাব বোরহাম উডে ধারে খেলছেন। তাঁর মূল ক্লাব প্রিমিয়ার লিগের নামজাদা দল ফুলহাম।
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। আগামী ৮ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১১ নভেম্বর তারা বাংলাদেশের মুখোমুখি হবে। উল্লেখ্য, ১৯৯৫ সালে একবার সাফের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।