দীর্ঘ প্রায় এক দশক ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছেন জামাল ভূঁইয়া। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তার হাতে থাকছে না অধিনায়কের আর্মব্যান্ড। ভুটানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। যদিও পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি অধিনায়ক হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি কোচ টমাস ডুলি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু। সেখানেই তাকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দীর্ঘদিনের অধিনায়ক জামালের পরিবর্তে তপুকে এই দায়িত্বে দেখে স্বাভাবিকভাবেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে।
এর জবাবে কোচ ডুলি জানান, তার দলে এমন একাধিক ফুটবলার রয়েছেন যারা অধিনায়ক হওয়ার যোগ্য। এর আগেও জামালের অনুপস্থিতিতে তপু ও অন্যান্যরা দলের নেতৃত্ব দিয়েছেন। তাই ভুটান ম্যাচে তপুর অধিনায়কত্বকে তিনি অস্বাভাবিক কিছু মনে করছেন না।
বাংলাদেশ কোচের মতে, একজন সেন্টারব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার অধিনায়ক হলে মাঠের পেছন থেকে পুরো দলকে সংগঠিত রাখা সহজ হয়। তবে আর্মব্যান্ড না থাকলেও জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী কিংবা সাদ উদ্দিনের মতো ফুটবলাররা মাঠে নেতৃত্ব দিতে পারেন বলে তিনি মনে করেন।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের শুরুর একাদশে জামালের জায়গা নিয়মিত হচ্ছে না। অন্যদিকে, চোট কাটিয়ে সাফের আগে দলে ফিরেছেন তপু। ফিটনেস সমস্যার কারণে আসিয়ান কাপে খেলতে পারেননি তিনি। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের পর বাংলাদেশের রক্ষণভাগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে তপু এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন এবং ভুটানের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ডুলি।
দেশের মাটিতে সাফে অধিনায়কত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তপুও। তিনি বলেন, ‘২০১৮ সালের পর আবার আমরা ঢাকায় সাফ খেলার সুযোগ পাচ্ছি। নিজের সেরার পাশাপাশি দলকে উজ্জীবিত করব।’
২০০৩ সালের পর আর সাফের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই ২৩ বছরের দীর্ঘ অপেক্ষা ঘোচাতে চান তপু। তার বিশ্বাস, বর্তমান দলটির চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে।
তবে প্রথম ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। ইংল্যান্ডে ক্লাবের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। একই কারণে অনুপস্থিত থাকবেন ফারহান আলী ওয়াহিদও। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
হামজার অনুপস্থিতি নিয়ে তপু বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই। যেন সে আসার পর আরও সামনে এগিয়ে নিতে পারে আমাদের।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে নিজেদের সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে তপুর নেতৃত্ব নিশ্চিত হলেও পরবর্তী ম্যাচগুলোতে অধিনায়কত্ব বদলাবে কি না, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।