লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাতি নিভিয়ে বেশ কয়েকজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২–এস উপপিলার-সংলগ্ন স্থানে বিএসএফ এই পদক্ষেপ গ্রহণ করে বলে জানা গেছে।

আজ বুধবার সকালে মুঠোফোনে মুক্তকণ্ঠের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম। তিনি জানান, “গতকাল রাতে বিএসএফের পুশ ইন চেষ্টার একটি ভিডিও পাওয়া গেছে। এটি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীর ব্যাঙেরবাড়ি সীমান্ত এলাকার।”

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বিএসএফের এ ধরনের কোনো অপচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে যথেষ্ট সচেতন ও সতর্ক রয়েছেন।

ঠেলে পাঠানোর এই প্রচেষ্টার বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে উল্লেখ করে কারিমুল ইসলাম আরও বলেন, “বিজিবির পক্ষ থেকে নজরদারি ও টহল দলের তৎপরতা অব্যাহত আছে। বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করে থাকে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের চেষ্টা সব সময় প্রতিহত করা হয়েছে।”