লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দৃঢ় প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনাটি ঘটেছে রোববার (১৮ অক্টোবর) ভোরে। বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের কোশালডাঙ্গা এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয় বলে জানা গেছে। বিএসএফ একযোগে দুই শিশু, দুই নারী এবং আট পুরুষসহ মোট ১২ জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টার খবর পাওয়ার সাথে সাথেই সীমান্তে অবস্থান নেয় বিজিবির টহল দল। বিজিবির জোরালো বাধার মুখে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। বর্তমানে ওই ১২ জন বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে ভারতের কোশালডাঙ্গা এলাকায় অবস্থান করছেন। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বুড়িমারী সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং কড়া নজরদারি জারি করা হয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, “বিএসএফের এ পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।” তিনি আরও জানান, একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।