নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারীসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবির সতর্ক টহল দলের দ্রুত পদক্ষেপের ফলে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সোনাডাঙ্গা বিওপি এলাকার আটিলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায়। বর্তমানে ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরবেলায় সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীকে জোরপূর্বক বাংলাদেশের সীমানার ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এই খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের এই প্রচেষ্টা প্রতিহত করে। পরবর্তীতে ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করানো হয়। তবে তাদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ পদক্ষেপ নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারি আরও বাড়ানো হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, “বর্তমানে ওই চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর তৎপরতা চলছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। অবৈধ উপায়ে কাউকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না।”