লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অন্ধকারে লোক পুশইন করার অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে ফিরে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে। উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যাঙের বাড়ি এলাকায় অবস্থিত ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের নিকটবর্তী স্থানে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে হঠাৎ করেই সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা তাদের সার্চলাইটের আলো নিভিয়ে দেয়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশে লোক পুশইন করার পাঁয়তারা শুরু করে তারা। বিষয়টি দ্রুত টের পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে ওঠেন এবং অন্যদের খবর দিয়ে দ্রুত সীমান্তে জড়ো হন। পরবর্তীতে দেখা যায়, সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যরা টর্চলাইট জ্বালানোর চেষ্টা করছেন এবং কয়েকজন সদস্যকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বাংলাদেশিদের উচ্চস্বরে চিৎকারের কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা পুনরায় তাদের লাইট জ্বালিয়ে দেয়।
সীমান্ত এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, “রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে তারা চিৎকার করেন। এরপর বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে লাঠি হাতে পাহারা দেন তারা।”
এই স্পর্শকাতর ঘটনাটি নিয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য জানিয়েছেন যে, সীমান্ত সুরক্ষায় ধবলসুতী বিওপির বিশেষ টহলদল অত্যন্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। তিনি আরও জানান, বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অপচেষ্টা ও আগ্রাসী মনোভাব রুখে দিতে বিজিবি এবং স্থানীয় জনতা সম্পূর্ণ প্রস্তুত ও কঠোর অবস্থানে রয়েছে।