লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৃঢ় প্রতিরোধ ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফ-এর এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি সীমান্তের অদূরে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

লালমনিরহাটের ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারের সংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুজন নারী এবং আটজন পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ।

ঘটনার খবর পাওয়ার পরপরই ৬১ বিজিবির টহল দলের সদস্যরা দ্রুত ওই নির্দিষ্ট এলাকায় অবস্থান নেন। বিজিবির সদস্যদের এই তাৎক্ষণিক পদক্ষেপ ও কঠোর বাধার মুখে বিএসএফ তাদের পুশ ইনের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই ১২ জন ব্যক্তি বর্তমানে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের অবৈধভাবে পুশ ইন ঠেকানোর লক্ষ্যে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

লালমনিরহাট ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম মুঠোফোনে বলেন, “যেহেতু ওই লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি, তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁদের মধ্যে আটজন পুরুষ, দুই শিশু ও দুজন নারী রয়েছেন।”

লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম আরও বলেন, “ওই লোকজনকে ঠেলে পাঠানো প্রতিহত করেছে বিজিবি। পতাকা বৈঠক ডাকা হয়েছে। এর আগে কিছু বলা যাচ্ছে না।”