পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে সাতজনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের দৃঢ় প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরে যেতে হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পুশইনের এই চেষ্টার শিকার হওয়া সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী ছিলেন বলে জানা গেছে। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ রাতে এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে আরও জানা গেছে যে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় ওই সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। তৎক্ষণাৎ সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করেন। এরপর তারা সীমান্তের খুব কাছাকাছি অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকেন।
সারাদিন সীমান্ত এলাকায় অবস্থান করার পর রাতে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই সাতজন একই সীমান্ত পথ দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
ঘটনা প্রসঙ্গে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।”