অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করা এবং রান্নার স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়ার অপরাধে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিনের জন্য খাবার বিক্রি বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুত প্রণালী এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনের সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানেই তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। এছাড়া খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এমন নোংরা পরিবেশেই মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি ও বিক্রির প্রস্তুতি চলছিল বলে দেখা যায়।

ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুতের দায়ে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে, এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।