চাঁদপুরে ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রঙের ব্যবহার এবং অনুমোদনহীন নিম্নমানের এলইডি লাইট বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ‘তাজ হোটেল’কে ১০ হাজার টাকা এবং ‘মুন্সি এন্টারপ্রাইজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের পরপরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে। অভিযানে জব্দ করা পচা-বাসি খাবার এবং ক্ষতিকর রং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা, ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকা।

এ বিষয়ে সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”