রাঙামাটিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত এক যৌথ অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন ধরনের অনিয়ম এবং নানা ত্রুটির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ড. মামুন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, “অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানা অনিয়মের অভিযোগে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, “এর মধ্যে সবাইকে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা ও ভোক্তা অধিকার সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।”