মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই অভিযানে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি, এক্সরে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মো. শায়খ শিহাব উদ্দিন, যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালীন মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কার্যক্রম সিলগালা করে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”