ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপণের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপণে স্বাক্ষর করেছেন উপসচিব জেতী প্রু। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

সংশ্লিষ্ট অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন।” তবে তাঁর দাবি ছিল, এটি একটি শাশ্বত বাণী।

বক্তব্যের বিস্তারিত অংশে তিনি বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”

তিনি আরও যোগ করেন, “এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।”

একটি রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার এই বক্তব্যের ভিডিও এবং অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতেই তাঁর এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।