রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ করা হয়। নির্দেশ পাওয়ার পরপরই গতকাল তিনি রাজশাহী ত্যাগ করেন।

ইউসুফ আলীর অনুপস্থিতিতে বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

তবে বিভাগীয় কমিশনারকে কেন হঠাৎ করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হলো, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এই বিষয়ে জানতে চাওয়া হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ বুধবার মুক্তকণ্ঠকে বলেন, “প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এটা সব সময়ই হয়।”

ঘটনার সূত্র ধরে জানা যায়, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে যান। বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। সেখানে জনসভা শেষ করে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর জন্য প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। ভিডিওটি দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের (রাষ্ট্রাচার) নির্ধারিত সারি ভেঙে প্রধানমন্ত্রীর খুব কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার লঙ্ঘন করে তিনি এমনটি করেছেন বলে ব্যাপক আলোচনা চলছে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশের পর রাতে দায়িত্ব ছেড়ে তিনি একটি গাড়িতে করে রাজশাহী ত্যাগ করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি শহরের তালাইমারী এলাকা অতিক্রম করেন এবং ইতিমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন।