ভূমি মন্ত্রণালয় এর অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার অধিক সময় ধরে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। মন্ত্রণালয়টি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এ নির্দেশনা পাঠিয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, একই পদে দীর্ঘদিন কাজ করার ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার ঝুঁকি থেকে যায়। এতে দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়মিত পদায়ন বা রোটেশনের মাধ্যমে এই ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সমীচীন। সরকারের বিদ্যমান নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুসারে, প্রতিটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, যোগদানের তারিখ ও কর্মকালসহ একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করতে হবে। ওই তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় একই পদে থাকা কর্মীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে পরিপত্রে বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর তিন বছর পূর্ণ হওয়ার আগেই প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলির প্রয়োজন হলে প্রচলিত বিধিবিধান মেনে তা বাস্তবায়ন করা যাবে।