বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসনিক পরিকাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ১০ জন কর্মকর্তাকে বদলি করার পাশাপাশি তাদের নতুন পদে সংযুক্তি এবং অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়। সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেছেন এয়ারলাইনসের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম।
এয়ারলাইনস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই রদবদলের আওতায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে এখন থেকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। এছাড়া মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে কর্মরত এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) হিসেবে কর্মরত শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর পাশাপাশি তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, মহিউদ্দিন আহমেদ, যিনি মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন, তাকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
এদিকে, ক্যাপ্টেন বি-৭৮৭ হিসেবে কর্মরত এবং উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন থেকে কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এছাড়া উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক, প্রশাসন হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, মহাব্যবস্থাপক (হিসাব) হিসেবে মূল দায়িত্ব এবং মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে। তাকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিংয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক, প্রশাসন (মানবসম্পদ) হিসেবে কর্মরত মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) হিসেবে কর্মরত এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।