বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এক প্রজ্ঞাপনে বলা হয়, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের আরেক আদেশে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজকে টাঙ্গাইল থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কেএমপি, খুলনা হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশটি শনিবারের আদেশে বাতিল করা হয়।

আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কাজী শাহনেওয়াজের কেএমপি খুলনায় বদলির আদেশ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।