জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা, মেট্রোপলিটন ইউনিট এবং বিশেষ সংস্থায় বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, যারা বাস্তব প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, সেই কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নির্দিষ্ট কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে।

পদায়িত কর্মকর্তাদের মধ্যে একটি বড় অংশকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ছাড়াও সিআইডি, এপিবিএন, এসআরবি, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, সাইবার পুলিশ ইউনিট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তাদের পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।