পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন করে পদায়ন করা হয়েছে। এই রদবদল সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। নতুন এই আদেশের ফলে বেশ কয়েকজন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের সহকারী পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা পৃথক প্রজ্ঞাপণের মাধ্যমে এই তথ্যগুলো জানিয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। তবে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

এছাড়া, এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একইসাথে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলের একই পদে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে সহকারী পুলিশ সুপার, এসবি, ঢাকায় বদলির আদেশ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর জারি করা আগের আদেশটি বাতিল করে ১৮ অক্টোবর নতুন এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।