গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১৫ নভেম্বর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনী জেলায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, গোপালগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের হাতে লগি, বৈঠা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।
পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা শহরের প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় লাগানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা চৌরঙ্গীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একত্রিত হন।
শহরের বিভিন্ন পয়েন্টে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের দাবি, তাদের তৎপরতার কারণেই জানমালের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।
উল্লেখ্য যে, এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।