বরিশালের বিভাগীয় কমিশনার হঠাৎ পরিদর্শনে গিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের দরজায় তালা মারা দেখতে পান। সরকারি অফিস শুরুর সময় সকাল ৯টা পেরিয়ে গেলেও ওই অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় দপ্তরি এসে তালা খুলে দিলে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়।

ঘটনার পরই ওই অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ওই দিন সকাল ৯টায় বিভাগীয় কমিশনার অফিসটি পরিদর্শনে গিয়ে দেখতে পান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসটি তালাবদ্ধ ছিল। পরে দপ্তরি এসে তালা খুললেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে ওই অফিসে কেউ আসেন না।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নির্ধারিত কর্মসময়ে অনুপস্থিত থেকে অফিসপ্রধান হিসেবে সরকারি দপ্তর তালাবদ্ধ রেখে দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন। এ ঘটনায় ঝালকাঠির জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার স্বাক্ষরিত চিঠিতে দ্রুত ব্যবস্থা নিয়ে কমিশনারের কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।