দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্তকৃতদের মধ্যে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত সাবেক এসপি মো. আসাদুজ্জামান অন্তর্ভুক্ত। তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে এবং ডিএমপিতে সংযুক্ত সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাজীব দাস ২০২৪ সালের ২ নভেম্বর থেকে কর্মস্থলে যোগদান করেননি।
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এবং সাবেক এসপি আরিফুর রহমান মন্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, সিলেটের এপিবিএন-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে যোগদান করেননি।