বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগমের (৪০) কাছ থেকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তাদের জামাতা সবুজ মৃধা (৩২) কৌশলে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কহিনুর বেগমের শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির রান্নাঘরে একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, পলাতক সবুজ মৃধা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত করতেন। পরে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় তা পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।