ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানিয়েছেন, চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক, তেমন ৪-৫ জন গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইমরান পরিবহনের ওই বাসটি। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত ৪-৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম জানান, “সকালে খবর পেয়ে আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টোপেজে বাসের চালক নেমে যায়। এরপর বাসটি হেল্পার চালাচ্ছিলেন। পরে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”

অন্যদিকে, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাইনি তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেল্পার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।”