কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ যুবলীগের নেতাকর্মীরা বরগুনার একাধিক স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর, আমতলী ও বেতাগী উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের ফরমান আলী সড়কে সদর উপজেলা যুবলীগের নেতা রাজিব হাওলাদারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। এছাড়া আমতলী উপজেলা যুবলীগের উদ্যোগে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল আয়োজন করা হয়। অন্যদিকে, বেতাগী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা পৌর শহরের কালবার্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিলের ঘটনা ঘটেনি। তবে গ্রামের কোনো নির্জন সড়কে মিছিল হয়ে থাকতে পারে। ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।