আগামী বছর নাগাদ দেশে বিদ্যুৎ ধরে রাখার কোনো জায়গা থাকবে না বলে দাবি করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নুরুল ইসলাম মণি বলেন, “হাসিনার বিদ্যুৎ প্ল্যান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নেই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্ল্যান্ট করেছেন। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নেই।”

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা করে তিনি দাবি করেন যে, গত দুই বছরে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।”

উক্ত সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজামণ্ডপে নগদ অর্থ এবং জিআর চাল বিতরণ করা হয় তার উপস্থিতিতে।