বরগুনার বেতাগী এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজি, ভূমি দখল এবং অনলাইন জুয়ার মতো অপরাধ নির্মূল করতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

রোববার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত বেতাগী থানার ওসি হারুনুর রশিদকে উদ্দেশ্য করে চিফ হুইপ নুরুল ইসলাম মণি স্পষ্টভাবে বলেন, “বেতাগী থানায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অনলাইন জুয়া থাকবে—এটা আমি চাই না। হয় চাঁদাবাজি, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং থাকবে, নয়তো ওসি থাকবে।”

সংসদ সদস্যের এই কড়া হুঁশিয়ারির জবাবে ওসি হারুনুর রশিদ আত্মবিশ্বাসের সাথে জানান, “স্যার, আমি থাকব। কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অনলাইন জুয়া—এসব থাকবে না।”

নিজের অবস্থান পরিষ্কার করে চিফ হুইপ আরও বলেন, “আমি শক্ত মানুষ। আমার নাম ভাঙিয়ে কিংবা দলের নাম ব্যবহার করে কোনো চাঁদাবাজি বা দখলবাজি চলবে না। কেউ জোরজবরদস্তি করে মানুষের সম্পদ দখল করবে, আর এখানে তুমি-আমি থাকব—তা হবে না।”

পুরো সভায় তিনি এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।