সম্প্রতি নিজের স্টুডিও ভাঙচুরের ঘটনার পর দেশ ছাড়ার সম্ভাবনা এবং ভবিষ্যতে দেশে থেকে কাজ করার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কথা জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি জানিয়েছেন, দেশে থেকে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই এবং তা আগে থেকেও ছিল না।
স্টুডিওর বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, “না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।”
নিজের ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি আর নতুন করে কোনো বিনিয়োগ করতে আগ্রহী নন।