সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যা দেখে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে। ঝলমলে পোশাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিমের এই ছবিগুলো দেখে অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি দুজন গাঁটছড়া বাঁধলেন?
দীর্ঘদিন ধরেই রাফসান ও সুনেরাহর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা নতুন কোনো বিষয় নয়। তবে এই বিষয়ে তাঁদের নিজেদের দাবি হলো, তাঁরা দুজন অত্যন্ত ভালো বন্ধু। তাঁদের অনেক ভিডিও কন্টেন্টেই দুজনকে একসঙ্গে স্ক্রিনে দেখা যায়, যা দর্শকদের কাছে বেশ পরিচিত।
দুই কনটেন্ট ক্রিয়েটরের মধ্যকার এই বন্ধুত্বের রসায়ন নেটিজেনরা বেশ পছন্দ করেন। তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তাঁরা কখনোই স্পষ্টভাবে কিছু বলেননি। এই রহস্যময় নীরবতার কারণেই তাঁদের সম্পর্কের গুঞ্জনে আরও হাওয়া লেগেছে বলে মনে করা হচ্ছে।
রাফসান ও সুনেরাহকে জুটি হিসেবে দেখার যে প্রবল আকাঙ্ক্ষা ভক্তদের মনে ছিল, এই দফায় তাঁদের সেই প্রত্যাশা হয়তো পূরণ হবে না এবং অনেকেরই হতাশ হতে হচ্ছে।
বিষয়টি নিয়ে দুই কনটেন্ট ক্রিয়েটরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, "ছবিগুলো মূলত একটি ক্যাম্পেইনের জন্য তোলা। শিগগিরই বিস্তারিত জানা যাবে।"