ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করের বাগদান ভেঙে গেছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী কারান ধানাককে ইনস্টাগ্রামে আনফলো করার পর জিয়ার একটি রহস্যময় স্টোরি এই আলোচনাকে আরও উসকে দেয়। তবে এবার এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক এখনো অটুট রয়েছে এবং মতপার্থক্য থাকলেও তাঁরা একে অপরের পাশে আছেন।
গতকাল ইনস্টাগ্রামে সমুদ্রসৈকতে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন জিয়া। সেই ছবির সাথে একটি দীর্ঘ বার্তা লিখে তিনি জানান, একসঙ্গে জীবন কাটানোর পথ সব সময় সহজ হয় না। তাঁদের জীবন কোনো বলিউড সিনেমার মতো নয়। অন্য অনেক যুগলের মতোই তাঁদের মাঝে ভালোবাসা যেমন বিদ্যমান, তেমনি রয়েছে ঝগড়া ও মতপার্থক্য।
জিয়া তাঁর বার্তায় লিখেছেন, “আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আবার কখনো অনেক ঝগড়াও করি। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। তবে আমরা একে অপরের জন্য আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা নিখুঁত নই। আমরা দুজন সাধারণ মানুষ, যারা প্রেমে পড়েছি এবং একে অপরকে বেছে নিয়েছি। আমরা একে অপরের ভালো বন্ধু। আশা করি, সবকিছু বুঝে একসঙ্গে এগিয়ে যেতে পারব।”
নিজের বাগদত্তা এবং তাঁদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। অনুমাননির্ভর আলোচনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করছেন, সে বিষয়ে এখন থেকে আরও সতর্ক থাকবেন। কারান কিংবা তাঁদের সম্পর্ক নিয়ে ছড়ানো কথার কোনো সত্যতা নেই। এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জিয়া লিখেছিলেন, “দুটি বিষয় আমি নিশ্চিতভাবে জানি—প্রার্থনায় কাজ হয়, আর সময়ের সঙ্গে পরিস্থিতিরও পরিবর্তন আসে।”
এর পাশাপাশি হৃদয়ভাঙা, বিশ্বাসভঙ্গ ও ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ নিয়ে কয়েকটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছিলেন তিনি, যার ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে পরবর্তীতে ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান বা গুজব না ছড়ানোর অনুরোধ জানান অভিনেত্রী। এমনকি হ্যালোইন উপলক্ষে কারানের সঙ্গে ‘গেম অব থ্রোনস’-এর আদলে সাজানো পোশাকে ছবিও প্রকাশ করেন তিনি। বর্তমানে বাগদত্তার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জিয়া।