হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দ্বীপ শীল নামের তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে অবস্থিত বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটি প্রাণ হারায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু দ্বীপ শীল ওই গ্রামের স্থানীয় বাসিন্দা বিজয় শীলের সন্তান। এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার এবং পুরো এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ দেখা যায় দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের একজন সহকারী শিক্ষক। পেশার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। গত কয়েক মাস ধরে দ্বীপ তার কাকার তৈরি করা এসব ভিডিওতে নিয়মিত অংশ নিত। ছোট্ট দ্বীপের সাবলীল উপস্থিতি এবং অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। দ্বীপের মৃত্যুর খবরটি যখন তার কাকা বিপ্লব শীল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। শিশুটির অকাল প্রয়াণে শোক প্রকাশ করে তার পরিচিতজন এবং অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য শোকবার্তা ও মন্তব্য করেছেন।
ঘটনাটি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, “পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।”