পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে এই গুরুত্বপূর্ণ খাতটিকে ধ্বংস করার পরিকল্পনা করছে একদল ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজ। এই পরিস্থিতিকে আরও উসকে দিয়ে শিল্প খাতের ক্ষতি করার যে অপচেষ্টা চলছে, তা রুখতে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। যারা এ ধরনের অশুভ কর্মকাণ্ডে লিপ্ত, তাদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
সংশ্লিষ্ট পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।”
দেশের পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমের আগে পোশাকশিল্পে সাধারণত যে ধরনের ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়, তা পরিকল্পিতভাবে ধ্বংস করার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তিনি মনে করেন। এই সংকটময় পরিস্থিতিতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে এবং সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।